৫০ বছর পর ওল্ড ট্রাফোর্ডে একই দুঃস্বপ্ন ইউনাইটেডের
ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটনের বিপক্ষে হারটি যেন পুরোনো এক দুঃস্বপ্ন ফিরিয়ে আনলো। কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মাইকেল ক্যারিকের দল।
ম্যাচের মাত্র ১০ মিনিটের মধ্যেই দুই গোলের লিড নিয়েছিলো ইউনাইটেড। কিন্তু সেই সুবিধা ধরে রাখতে পারেনি তারা। গত ৫০ বছরে এই প্রথম ওল্ড ট্রাফোর্ডে কোনো ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও হারের মুখ দেখলো ক্লাবটি।
এর আগে ১৯৭৬ সালের সেপ্টেম্বরে প্রথম বিভাগ লিগে টটেনহামের বিপক্ষে একই ব্যবধানে এগিয়ে থেকেও ৩-২ গোলে হেরেছিলো ইউনাইটেড। অর্ধশতাব্দী পর ব্রাইটনের কাছে একই ব্যবধানে হারিয়ে সেই তিক্ত স্মৃতিই ফিরিয়ে আনলো।
চলতি মৌসুমেও অবশ্য ইউনাইটেডের শুরুটা ভালো হয়নি। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৩টিতে হেরেছে তারা। প্রিমিয়ার লিগের ৪ ম্যাচে এসেছে দু'টি হার ও একটি ড্র। অন্য হারটি কারাবাও কাপের এই ম্যাচে।
প্রথমার্ধের যোগ করা সময়ে একটি গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে ৬৫ ও ৬৯ মিনিটে আরও দুই গোল খায় ইউনাইটেড। ম্যাচের শেষদিকে দলের এমন পারফরম্যান্সের দায় নিজের কাঁধেই নিয়েছেন ক্যারিক।
ইউনাইটেড কোচ বলেন, ‘দ্বিতীয়ার্ধের শেষভাগের পারফরম্যান্সের দায় আমিই নিচ্ছি। এর পুরো দায় আমার।’
ম্যাচে একাদশে ৮টি পরিবর্তন আনায়ও সমালোচনার মুখে পড়েছেন ক্যারিক। সমালোচকদের মতে, এতো পরিবর্তনের মধ্য দিয়ে ইউনাইটেডের স্কোয়াডের গভীরতার ঘাটতিও স্পষ্ট হয়েছে।
হারের পর সমর্থকদের ক্ষোভও প্রকাশ্যে এসেছে। শেষ বাঁশি বাজার পর গ্যালারি থেকে ক্যারিকের দলকে দুয়োধ্বনি শুনতে হয়েছে। খেলোয়াড়েরা মাঠ প্রদক্ষিণ করার সময় বেশির ভাগ ইউনাইটেড সমর্থকই গ্যালারি ছেড়ে চলে যান। যারা ছিলেন, তাঁরা দুয়ো দিয়ে ক্ষোভ জানান।
তবে নিজের ওপর কোনো বাড়তি চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন ক্যারিক। তাঁর ভাষায়, ‘কোনো চাপের মধ্যে আছি বলে মনে করি না। যাই হোক না কেন, আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। বাইরে কী হচ্ছে, তা আমি বুঝি, এতে আমার কিছু যায় আসে না।’
তিনি আরও বলেন, ‘আমার মাথাব্যথা ম্যাচ জেতা নিয়ে, ক্লাবের পরিবেশটা ভালো রাখা নিয়ে এবং আমরা যে সঠিক পথেই এগোচ্ছি- দলকে সেই বিশ্বাস ও স্বস্তি দেওয়া নিয়ে।’
তবে মাঠের ফলাফল বলছে ভিন্ন কথা। প্রিমিয়ার লিগে ৪ ম্যাচ শেষে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ১৩তম অবস্থানে রয়েছে ইউনাইটেড। এর সঙ্গে কারাবাও কাপ থেকেও বিদায় নিতে হয়েছে তাদের।
//আইই//
