ব্যালন ডি’অর মেসি’রই পাওয়া উচিত: বেকহ্যাম
সংগৃহীত ছবি
ব্যালন ডি'অরের দৌড়ে লিওনেল মেসি'র নাম থাকা নিয়ে কোনো বিস্ময় দেখছেন না ইন্টার মায়ামি'র মালিক ডেভিড বেকহ্যাম। আর্জেন্টাইন তারকার সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এবারও পুরস্কারটি তাঁর প্রাপ্য বলে মনে করেন সাবেক ইংলিশ তারকা।
অ্যাপল টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেকহ্যাম বলেন, গত এক বছরে মেসি'র পারফরম্যান্সই তাঁকে আবারও ব্যালন ডি'অরের আলোচনায় রাখার যথেষ্ট কারণ। তাঁর মতে, বৃহস্পতিবারের ম্যাচে মেসি'র পারফরম্যান্স এবং বিশ্বকাপে তাঁর প্রভাবও এর পক্ষে যুক্তি দেয়।
বেকহ্যাম বলেন, ‘আজ রাতে ওর (মেসি) পারফরম্যান্স বা বিশ্বকাপে যেভাবে ও খেলেছে, তা দেখার পর এটুকু বলা যায়, পুনরায় ব্যালন ডি'অরের আলোচনায় থাকাটা কোনো ভাগ্যের বিষয় নয়। টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় মেসি এবং বিগত বছরটিও তাঁর দুর্দান্ত কেটেছে।’
মেসি'র বয়সের কথাও আলাদা করে উল্লেখ করেন বেকহ্যাম। তিনি বলেন, ‘৩৯ বছর বয়সে একটি বিশ্বকাপে গিয়ে প্রতিটি ম্যাচে এমন প্রভাব ফেলা বিশেষ কিছু। এই বয়সে এই মানের ফুটবল আর কেউ খেলছে না। তাই ব্যালন ডি'অরের জন্য তাঁর নাম বিবেচনা করাটা একেবারে যৌক্তিক। আমার মতে, পুরস্কারটি তাঁরই পাওয়া উচিত।’
বৃহস্পতিবার ২০২৬ মিশেলোব আল্ট্রা ক্যাম্পিওনেস কাপের শিরোপা জেতার পথেও মেসি'র গুরুত্বপূর্ণ অবদান ছিলো। ইন্টার মায়ামি'র করা দুই গোলেই সরাসরি অবদান রাখেন তিনি। একটি গোল নিজে করেন এবং অন্যটি কাসেমিরোকে দিয়ে করান।
//আইই//
