এশিয়ান গেমসের পর্দা উঠছে আজ
জাপানের আইচি-নাগোয়ায় বসছে এশিয়ান গেমসের ২০তম আসর। এবারের আসরে এশিয়ার ৪১টি খেলায় ৪৬১ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭ হাজারের বেশি ক্রীড়াবিদ। তবে এবারের আয়োজনের সবচেয়ে বড় ব্যতিক্রম, থাকছে না প্রচলিত গেমস ভিলেজ।
আয়োজকেরা ইতালি থেকে ভাড়া করা একটি ক্রুজ জাহাজকে গেমস ভিলেজ হিসেবে ব্যবহার করছেন। এতে চার হাজারের বেশি ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তা থাকবেন। বাংলাদেশের অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকস, জুডো, কাবাডি, টেবিল টেনিস ও ভলিবলসহ কয়েকটি দলের থাকার ব্যবস্থা হয়েছে সেখানে। অন্যদের রাখা হচ্ছে হোটেল ও বিশেষভাবে তৈরি আবাসনে।
এবারের গেমসে বাংলাদেশের প্রায় আড়াই শ সদস্যের দল ২২টি খেলায় অংশ নেবে। এরই মধ্যে ফুটবল, ক্রিকেটসহ কয়েকটি ইভেন্ট শুরু হয়েছে। প্রতিযোগিতার কয়েকটি ভেন্যু নাগোয়ার বাইরে হওয়ায় যাতায়াত নিয়েও তৈরি হয়েছে জটিলতা। গাড়ির প্রয়োজন হলে আগের দিন জানাতে হচ্ছে, এরপরও অনেক সময় গাড়ি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
এশিয়ান গেমসে বরাবরই পদকের লড়াইয়ে এগিয়ে থাকে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। এবারের আসরে বিশ্বচ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডধারী ক্রীড়াবিদদের পাশাপাশি দুইবারের অলিম্পিক ও ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নরাও অংশ নিচ্ছেন।
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আগে গুরুত্বপূর্ণ এই আসর থেকে সাতটি খেলার কোটা নির্ধারণ হবে। বাংলাদেশের জন্যও এটি নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় মঞ্চ। এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক এসেছিলো বক্সিংয়ে মোশারফ হোসেনের হাত ধরে। পরে ক্রিকেট থেকে এসেছে স্বর্ণপদক।
/শান্ত/
