ভারতকে টপকে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার ইংল্যান্ডের
আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ও যথেষ্ট হলো না ভারতের জন্য। শ্রীলঙ্কাকে একই ব্যবধানে হারিয়ে ভারতকে টপকে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে ইংল্যান্ড। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারানোর পর র্যাঙ্কিংয়ে এই পরিবর্তন এসেছে।
দুইয়ে থাকা ভারতের রেটিং পয়েন্টও অবশ্য ইংল্যান্ডের সমান। দুই দলেরই রেটিং পয়েন্ট ২৬৯। ভারতের মোট পয়েন্ট ৬৪ ম্যাচে ১৭২০১, ইংল্যান্ডের ৪১ ম্যাচে ১১,০২১। ম্যাচপ্রতি গড় রেটিংয়ে সামান্য এগিয়ে থাকায় ইংল্যান্ড শীর্ষে উঠেছে।
চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বার শীর্ষে উঠলো ইংল্যান্ড। গত জুলাইয়ে ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছিলো দলটি। ভারত সেটা কেড়ে নিতে খুব বেশি সময় নেয়নি। একই মাসে হওয়া জিম্বাবুয়ে সিরিজেই ভারত শীর্ষস্থান পুনরুদ্ধার করে। এবার সেই এক নম্বর জায়গা আবার ইংল্যান্ডের দখলে।
হালনাগাদ টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড, ভারতের পর অবস্থান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশ ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে আছে ৮ নম্বরে।
// ইমরান//
