চীনের কাছে ১৩ গোল খেয়েছে বাংলাদেশ
এশিয়ান গেমসে চীনের সঙ্গে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী হকি দল। জাপানের কাকামিগাহারার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল এ 'র ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের কাছে ১৩-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
বিশ্ব র্যাঙ্কিংয়ে তৃতীয় এবং ২০২৪ প্যারিস অলিম্পিকের রৌপ্যপদকজয়ী চীনের বিপক্ষে ম্যাচের প্রথম ৩ মিনিট নিজেদের সামলে রেখেছিলো বাংলাদেশ। এরপরই একের পর এক গোল হজম করতে থাকে তারা।
প্রথম কোয়ার্টারেই ৪ গোল করে চীন। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দাঁড়ায় ৭-০। দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল করে বড় জয় নিশ্চিত করে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি।
৫ মাস আগে ইতিহাসে প্রথমবার এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছিলো বাংলাদেশ নারী হকি দল। এই বছরের এপ্রিলে জাকার্তায় অনুষ্ঠিত নারী এশিয়ান গেমস বাছাইপর্ব ছিলো বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আসর। সেখানে শেষ গ্রুপ ম্যাচে হংকংকে ২-১ গোলে হারিয়ে ঐতিহাসিকভাবে এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করে দলটি।
এশিয়ান গেমসে বাংলাদেশ পড়েছে পুল ‘এ’তে। এই গ্রুপে চীন ছাড়াও আছে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান ও চাইনিজ তাইপে। আগামীকাল সোমবার দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে তারা। ২৩ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া, ২৫ সেপ্টেম্বর কাজাখস্তান এবং ২৭ সেপ্টেম্বর চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
// ইমরান//
