হ্যাটট্রিকের সঙ্গে অ্যাসিস্ট সালাহ’র, গ্যালাতাসারাইকে ৪-০ তে হারিয়েছে ট্রাবজনস্পোর
মোহামেদ সালাহ।
মোহামেদ সালাহর হ্যাটট্রিকে বর্তমান চ্যাম্পিয়ন গ্যালাতাসারাইকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ট্রাবজনস্পোর। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঘরের মাঠের এই হারে তুরস্কের সুপার লিগে মৌসুমের প্রথম পরাজয় দেখলো ইস্তাম্বুলের দলটি।
ম্যাচের চতুর্থ মিনিটেই ট্রাবজনস্পোরকে এগিয়ে দেন সালাহ। মাঝমাঠ থেকে বল নিয়ে ছুটে গিয়ে ঠান্ডা মাথায় গোল করেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে আরও ২ বার গ্যালাতাসারাইয়ের জালে বল পাঠায় স্বাগতিকেরা। ৩৯ মিনিটে সালাহর পাস থেকে গোল করেন নোয়াহ সাভিওলো। ৪৪ মিনিটে ফ্রানকুলিনো জুর পাস থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন সালাহ ।
৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ট্রাবজনস্পোর। ম্যাচের ৮০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সালাহ।
এই ম্যাচের আগে চলতি সপ্তাহেই ট্রাবজনস্পোরের দায়িত্ব নিয়েছেন জার্মান কোচ থমাস রেইস। চলতি মাসের শুরুতে ফাতিহ তেকের বিদায়ের পর তার হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়।
৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তুরস্কের সুপার লিগের পঞ্চম স্থানে আছে ট্রাবজনস্পোর। শীর্ষে থাকা গ্যালাতাসারাইয়ের পয়েন্ট ১৩।
// ইমরান//
