গুগল ফটোজে একসঙ্গে ৫ নতুন ফিচার
গুগল ফটোজে ছবি সংরক্ষণ ও সম্পাদনার অভিজ্ঞতা আরও সহজ করতে পাঁচটি নতুন ফিচার চালু করেছে গুগল। নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে জেমিনি স্পার্ক, ডিজিটাল ওয়ার্ডরোব, মুডস, ১৫টি নতুন রিমিক্স টেমপ্লেট এবং উন্নত মার্কআপ টুল।
জেমিনিতে সহজে ছবি খোঁজা ও সম্পাদনা
জেমিনি স্পার্কের মাধ্যমে নির্দিষ্ট কমান্ড দিয়ে ছবির লাইব্রেরি থেকে প্রয়োজনীয় ছবি খুঁজে বের করা যাবে। পাশাপাশি একাধিক ছবির মধ্যে সেরা ছবি বাছাই, উজ্জ্বল করা ও শেয়ার করার কাজও করা যাবে। তবে ফিচারটি আপাতত যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট গুগল এআই প্রো ও আলট্রা গ্রাহকদের জন্য চালু হয়েছে।
ছবি থেকেই তৈরি হবে ডিজিটাল ওয়ার্ডরোব
নতুন ওয়ার্ডরোব ফিচার ছবিতে থাকা পোশাক শনাক্ত করে সেগুলোকে ডিজিটাল সংগ্রহে সাজিয়ে রাখবে। ব্যবহারকারীরা বিভিন্ন পোশাক মিলিয়ে নতুন আউটফিট তৈরি করতে এবং ভার্চুয়ালি সেগুলো পরে দেখতেও পারবেন। ফিচারটি যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে নির্দিষ্ট অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে।
বদলে যাবে ছবির লুক
মুডস ফিচারে ৩৫এমএম ফিল্ম, ২০০০-এর দশকের ডিজিক্যামের মতো বিভিন্ন স্টাইল প্রয়োগ করা যাবে। সাধারণ ফিল্টারের মতো শুধু রং পরিবর্তন না করে ছবির ধরন অনুযায়ী স্টাইলও মানিয়ে নেবে। অ্যান্ড্রয়েডে বিশ্বজুড়ে ফিচারটি চালু হয়েছে।
১৫ নতুন রিমিক্স টেমপ্লেট
নতুন ১৫টি রিমিক্স টেমপ্লেট ব্যবহার করে সাধারণ ছবিকে জন্মদিনের কার্ড, রেড কার্পেটের মুহূর্ত বা ফটো বুথের ছবির মতো বিভিন্ন ডিজাইনে রূপ দেওয়া যাবে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার মতো ছবি তৈরিতে আলাদা এডিটিং অ্যাপের প্রয়োজন কমবে।
উন্নত মার্কআপ টুল
মার্কআপ টুলে যোগ হয়েছে রিড্যাক্ট পেন, যা দিয়ে ছবির ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য ঢেকে দেওয়া যাবে। পাশাপাশি স্কেচের জন্য নির্দিষ্ট থিকনেস নিয়ন্ত্রণ এবং ছবিতে লেখার জন্য নতুন ফন্টও যুক্ত হয়েছে। ফিচারটি অ্যান্ড্রয়েডে বিশ্বজুড়ে ধাপে ধাপে চালু হচ্ছে।
/শান্ত/
