প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা ফিরোজা বেগম মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন প্রতিমন্ত্রীও। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী এই তথ্য জানান।
শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে সরকারি সফরে নিজের সংসদীয় আসন জয়পুরহাট-২ এলাকায় যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আবদুল বারী। গোপীনাথপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় ৬০ বছর বয়সী ফিরোজা বেগমকে ধাক্কা দেয় প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি। এতে গুরুতর আহত হন তিনি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি গাড়িটি পাশের ধানক্ষেতে পড়ে যায়। এই সময় গাড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও ছিলেন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।
স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
/শান্ত/
