দেড় বছর পর খুলছে বাংলাদেশ ব্যাংকের ৫৩২ লকার
দেড় বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নামে থাকা ৫৩২টি সেফ ডিপোজিট লকার খুলতে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিদ্ধান্তের পর এসব লকার খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।
তবে দুদক-এর দায়ের করা মামলার আসামি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর লকার ফ্রিজ অবস্থাতেই থাকবে।
দুদক সূত্র জানিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নামে সেফ ডিপোজিটে রাখা সিলগালা বক্স ও প্যাকেট সাময়িকভাবে ফ্রিজ করার উদ্যোগ নেওয়া হয়। একই সময় কর্মকর্তা-কর্মচারীদের জন্য থাকা লকার সুবিধাও বন্ধ করে দেওয়া হয়। ওই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।
পরে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লকার ফ্রিজ রেখে অন্য কর্মকর্তা-কর্মচারীদের লকার ব্যবহারের সুযোগ দেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের আবেদন পর্যালোচনা করে ৫৩২ জনের লকার অবমুক্ত করার সিদ্ধান্ত নেয় দুদক।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে দুদক। সংস্থার মহাপরিচালক (মানিলন্ডারিং-অতিরিক্ত দায়িত্ব) মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরিত ওই চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
দুদক-এর চিঠিতে বলা হয়েছে, কমিশনের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সিতাংশু কুমার সুর চৌধুরীর লকার বাদ দিয়ে বাংলাদেশ ব্যাংকের পাঠানো তালিকাভুক্ত ৫৩২ জনের লকার অবমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
