রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের এই সফরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণের কথা রয়েছে। এরপর সেখান থেকে জেলা সার্কিট হাউসে যাবেন তিনি। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে।
এরপর শহরের সেনুয়া পাড়ার পারিবারিক কবরস্থানে নিজের বাবা ও সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) এবং মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পরে শহরের কালীবাড়ির নিজ বাসভবনে যাবেন তিনি। সেখানে দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের প্রস্তুতি চলছে। সংবর্ধনা শেষে বাসভবনে ফিরে রাষ্ট্রপতির গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে এবং সেখানেই রাত্রিযাপন করবেন তিনি।
সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার গ্রহণ ও বিশ্রাম শেষে সার্কিট হাউসে যাবেন তিনি। এরপর হেলিকপ্টারযোগে আবারও ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে তার।
// ইমরান//
