উড়ে আসছে আগ্নেয়গিরির ছাই, ইন্দোনেশিয়া'র বিমানবন্দর বন্ধ
ইন্দোনেশিয়া'র প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোকার্নো-হাত্তার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে ১৫০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি'র ছাই উড়োজাহাজ চলাচলের পথে ছড়িয়ে পড়ায় রবিবার (৬ সেপ্টম্বর) এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
দেশটির পরিবহন মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে জানায়, সর্বশেষ পরীক্ষায় বিমানবন্দর এলাকায় আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে বিমানবন্দর বন্ধ রাখার সময় বাড়িয়ে রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত করা হয়।
মন্ত্রণালয় জানায়, বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ২২ হাজারের বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাতিল বা প্রভাবিত হয়েছে ২০৯টি ফ্লাইট। এর মধ্যে সিঙ্গাপুরগামী ও সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইট বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দোহা, সিডনি ও কুয়ালালামপুরের আন্তর্জাতিক রুটের ফ্লাইটেও প্রভাব পড়েছে।
ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, শনিবার মাউন্ট আনাক ক্রাকাতোয়ায় অগ্ন্যুৎপাত শুরু হয়। গত শতকের শুরুর দিকে সমুদ্র থেকে জেগে ওঠার পর থেকেই আনাক ক্রাকাতোয়া মাঝেমধ্যে সক্রিয় হয়ে উঠছে। ১৮৮৩ সালে মাউন্ট ক্রাকাতোয়া'র ভয়াবহ অগ্ন্যুৎপাতের পর তৈরি হওয়া আগ্নেয়গিরির গহ্বরেই এটি গড়ে ওঠে। ১৮৮৩ সালের ওই অগ্ন্যুৎপাত ইতিহাসের অন্যতম প্রাণঘাতী ও ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত। এতে আনুমানিক ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়।
// ইমরান //
