৪ হাজার ৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজিকে হজ প্যাকেজের উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে রবিবার (৬ সেপ্টেম্বর) ১০ জন হাজির হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হয়েছে। বাকি হাজিদের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠানো হবে।
রবিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। এতে বক্তব্য দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় হাজিদের কাছ থেকে নেওয়া অর্থের যে অংশ ব্যয় হয়নি, হিসাব-নিকাশ শেষে তা সংশ্লিষ্টদের ফেরত দেওয়া হচ্ছে। ২৩ জন হাজির চিকিৎসা ব্যয় তাদের স্বাস্থ্যবিমার অর্থের চেয়ে বেশি হওয়ায় তারা কোনো অর্থ ফেরত পাবেন না।
ধর্ম মন্ত্রণালয় বলছে, হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি হাজিদের অর্থের সঠিক হিসাব দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
/শান্ত/
