গণতন্ত্রকে নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দিতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে গড়ে ওঠে। রবিবার (৪ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র কার্যকর রাখতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। পাশাপাশি প্রতিপক্ষ ও বিরোধী দলকে পর্যাপ্ত পরিসর দেওয়াও জরুরি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দিতে হবে।
সাক্ষাতে রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও বাড়িয়ে প্রতিষ্ঠানটিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠ নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু।
এই সময় উপাচার্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। একই সঙ্গে আসন্ন ৫৪তম সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন।
/শান্ত/
