হাতে রঙ থাকলে কি অজু হবে?
শরীরে রঙ লাগা থাকলে অজু হবে কি না, তা নির্ভর করে রঙের কারণে অজুর অঙ্গের কোথাও পানি পৌঁছাচ্ছে কি না তার ওপর।
অজুর ৪ টি ফরজ অঙ্গ হলো চেহারা, দুই হাত, দুই পা ও মাথা। এর মধ্যে মাথা মাসেহ করা এবং বাকি তিন অঙ্গ ধোয়া ফরজ। ফলে কোনো অঙ্গে সামান্য জায়গাও শুকনো থেকে গেলে অজু শুদ্ধ হবে না।
অজু করার পর কোনোভাবে জানা গেলে, কোনো অঙ্গের নির্দিষ্ট জায়গায় পানি পৌঁছায়নি, তাহলে ওই শুকনো জায়গা পানি দিয়ে ধুয়ে নিলেই হবে। নতুন করে অজু করার প্রয়োজন নেই।
হাদিসে অজুর অঙ্গ ভালোভাবে ধোয়ার গুরুত্বও তুলে ধরা হয়েছে। আবদুল্লাহ ইবনু আমর (রা.) থেকে বর্ণিত, একবার সাহাবিরা পা ভালোভাবে না ধুয়ে অজু করছিলেন। তখন রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেন, ‘পায়ের গোড়ালিগুলোর (শুষ্কতার) জন্য জাহান্নামের শাস্তি রয়েছে।’ (বুখারি, হাদিস: ৬০)
শরীরে রঙের প্রলেপ এমন হলে, যা অজুর অঙ্গের ত্বকে পানি পৌঁছাতে বাধা দেয়, তাহলে অজুর আগে তা সরিয়ে নিতে হবে। তবে রঙমিস্ত্রি বা রঙের কাজে নিয়োজিত ব্যক্তিদের ক্ষেত্রে নিয়মিত কাজের কারণে সাধারণভাবে পরিষ্কার করার পরও হাতে-পায়ে সামান্য রঙ থেকে গেলে অজু শুদ্ধ হবে।
/শান্ত/
