প্রকাশ পেলো ‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’ টিজার
স্পেনের ‘কমিক-কন মালাগা’ উৎসবে ফুটবল তারকা লিওনেল মেসির প্রযোজনায় তৈরি নতুন অ্যানিমেটেড সিরিজ ‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’-এর প্রথম টিজার প্রকাশ করা হয়েছে। ভক্তরা প্রথমবারের মতো এই সিরিজের ঝলক দেখার সুযোগ পেলেন। ২০২৭ সালের গ্রীষ্মকালে বিশ্বজুড়ে ওটিটি প্ল্যাটফর্ম ও টেলিভিশনে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
টিজারের শুরুতে দেখা যায়, ১২ বছর বয়সী এক কিশোর ‘লিও’ হঠাৎ করে নিজের কম্পিউটারের স্ক্রিনের ভেতরে চলে যায়। সেখানে সে দৈত্যদের শাসিত এক রোমাঞ্চকর ও কাল্পনিক জগতে বন্দি হয়ে পড়ে।
সিরিজের এই মূল চরিত্র লিওর নেপথ্য কণ্ঠে অভিনয় করেছেন আর্জেন্টিনার অভিনেতা মাইলো বার্জেস-ওয়েব। টিজারে সিরিজটির মূল থিম সং ‘ভামোস, ভামোস, ভামোস’ গানের কিছু অংশও শোনা গিয়েছে, যা গেয়েছেন আর্জেন্টিনার শিল্পী লাক রা।
‘ইকো’ নামের এক বিভক্ত ও বিচিত্র জগতের ফাঁদে আটকে পড়া লিওকে সেখান থেকে রক্ষা পেতে এবং বাড়ি ফেরার পথ খুঁজতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বাড়ি ফেরার পথ খোঁজা লিওর জন্য ততোটা সহজ ছিলো না। কোনো বিশেষ কৌশল বা চিট-কোড ব্যবহার করতে না পেরে তাঁকে বেঁচে থাকার লড়াইয়ে নামতে হয়েছিলো। পরিস্থিতি যতোই কঠিন হোক না কেন, শুধু দলগত বোঝাপড়া এবং নিজের ফুটবল নৈপুণ্যের ওপর ভরসা করেই সে কঠিন সব ফুটবলের লড়াইয়ে জয় লাভ করে। কিশোর লিও কতোটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলো, তা এই টিজারে ফুটিয়ে তোলা হয়েছে।
ইতোমধ্যে প্রকাশ পাওয়া এই টিজারটি নিয়ে ভক্তদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে। বিশ্বজুড়ে দর্শকেরা ২০২৭ সালের গ্রীষ্মকালে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস-এ সিরিজটি দেখতে পাবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের দর্শকেরা এটি উপভোগ করতে পারবেন ডিজনি চ্যানেলে।
//আইই//
