‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে বাংলাদেশি শ্রমিকের চাহিদা বাড়বে’
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন শ্রমবাজার অনুসন্ধান ও অভিবাসনের সুযোগ তৈরিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধ-পরবর্তী সময়ে অবকাঠামো পুনঃনির্মাণ ও উন্নয়ন কার্যক্রমে শ্রমিকের চাহিদা বাড়বে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে তিনি এই তথ্য জানান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর অনুপস্থিতিতে সংসদে প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
মন্ত্রী জানান, বিদ্যমান শ্রমবাজার ধরে রাখার পাশাপাশি নতুন দেশ ও নতুন খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাকে গুরুত্ব দিচ্ছে সরকার। বিশেষ করে যুদ্ধ বা সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে ভবিষ্যতে পুনর্গঠন কার্যক্রম শুরু হলে নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, পরিবহন, বিদ্যুৎ, আবাসনসহ বিভিন্ন খাতে বিপুলসংখ্যক কর্মীর প্রয়োজন হতে পারে। এই ধরনের সম্ভাব্য শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার আগাম প্রস্তুতি ও বাজার অনুসন্ধানের ওপর গুরুত্ব দিচ্ছে।
মন্ত্রী জানান, গত অর্থবছরে চাকরির উদ্দেশ্যে মোট ৯ লাখ ৮৫ হাজার ১২০ বাংলাদেশি বিভিন্ন দেশে গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি কর্মী গেছেন সৌদি আরবে। দেশটিতে গত অর্থবছরে বাংলাদেশ থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে গেছেন ৬ লাখ ৪ হাজার ৬৬২ জন।
একই সময়ে কাতারে গেছেন ৮৯ হাজার ২৩ বাংলাদেশি কর্মী। সিঙ্গাপুরে কর্মসংস্থানের উদ্দেশ্যে গেছেন ৭৫ হাজার ৪১ জন। মালদ্বীপে গেছেন ৪২ হাজার ১৩০ জন। কুয়েতে গেছেন ৩৯ হাজার ৮৭৫ জন।
// ইমরান//
