গ্রন্থাগার আধুনিকায়নে ৪২ কর্মকর্তা-কর্মচারীর প্রশিক্ষণ
সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগার ব্যবস্থাপনা ও সেবার আধুনিকায়নে ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আগামী ৭ ও ৮ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
রবিবার (৪ অক্টোবর) কারিগরি শিক্ষা অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রধান কার্যালয়ের ৮ম তলার ৮০১ নম্বর কক্ষে প্রতিদিন সকাল ৯টায় প্রশিক্ষণ শুরু হবে। এতে মাঠ পর্যায়ের ২১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের লাইব্রেরিয়ান, সহকারী লাইব্রেরিয়ান ও সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগারসহ সংশ্লিষ্ট পদে কর্মরত ৪২ কর্মকর্তা-কর্মচারী অংশ নেবেন।
গত ৩ সেপ্টেম্বর অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালক প্রকৌশলী মো. জয়নাল আবেদীনের স্বাক্ষরিত নোটিশে প্রশিক্ষণের আয়োজনের কথা জানানো হয়। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষকে দুজন করে কর্মকর্তা মনোনয়ন দিয়ে প্রশিক্ষণে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
প্রশিক্ষণার্থীদের ৭ অক্টোবর সকাল সাড়ে ৮টার মধ্যে প্রশিক্ষণস্থলে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। প্রশিক্ষণে জনপ্রতি ৫৩১০ টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব প্রশিক্ষণ খাত থেকে ব্যয় করা হবে। পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী তারা টিএ/ডিএ ভাতা পাবেন।
/শান্ত/
