বাংলাদেশের সীমান্তঘেঁষা শিলিগুড়ি করিডোরে নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত
সংগৃহীত ছবি
বাংলাদেশের উত্তরের সীমান্তের কাছাকাছি শিলিগুড়ি করিডোরে নতুন ৪ লেনের মহাসড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে ভারত। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ আরও শক্তিশালী করার লক্ষ্যেই ৩১ দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণ করা হবে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৭ কোটি ১৮ লাখ রুপি।
‘ন্যাশনাল হাইওয়ে-৩২৭’ নামে নতুন এই মহাসড়কটি পশ্চিমবঙ্গের বাগডোগরা থেকে পানিটংকি ও খড়িবাড়ি হয়ে বিহারের গালগালিয়া পর্যন্ত যাবে। এটি বিদ্যমান ন্যাশনাল হাইওয়ে-২৭-এর সমান্তরালে নির্মিত হবে। দু'টি মহাসড়কের মধ্যে দূরত্ব থাকবে প্রায় ২০ কিলোমিটার।
বাংলাদেশ ও নেপালের কাছাকাছি এবং চীন ও ভুটান সীমান্তের নিকটবর্তী শিলিগুড়ি করিডোর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড। ‘চিকেনস নেক’ নামে পরিচিত এই করিডোরের সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ এই করিডোরই ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র স্থল যোগাযোগপথ।
ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন গড়করি এক ফেসবুক পোস্টে প্রকল্পটির অর্থ অনুমোদনের কথা জানিয়েছেন। তিনি বলেন, নতুন সড়কটি উত্তর-পূর্বাঞ্চলের সড়ক নেটওয়ার্ক শক্তিশালী করার পাশাপাশি নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নতিতেও ভূমিকা রাখবে।
সাম্প্রতিক বছরগুলোতে শিলিগুড়ি করিডোরে যোগাযোগ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে গুরুত্ব দিচ্ছে ভারত। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই অঞ্চলে ভারতের তৎপরতা আরও গুরুত্ব পেয়েছে।
শিলিগুড়ি করিডোর ঘিরে ভারতের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা শুধু সড়কের মধ্যেই সীমাবদ্ধ নয়। সম্প্রতি বারাণসী থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত হাই-স্পিড রেল করিডোর, শিলিগুড়ির কাছে ৩৫ কিলোমিটার ভূগর্ভস্থ রেললাইন এবং মালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চতুর্থ রেললাইন নির্মাণের অনুমোদনও দিয়েছে কেন্দ্রীয় সরকার।
কৌশলগত দিক থেকে মূল যোগাযোগপথের বিকল্প ব্যবস্থা তৈরির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। ভারতের অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা বলেন, জলপাইগুড়ি সংযোগকারী রেলপথের পাশাপাশি জাতীয় সড়ক-২৭ শিলিগুড়ি ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে ভারতের বাকি অংশের প্রধান যোগাযোগপথ। ফলে চিকেনস নেকের ভেতর দিয়ে গালগালিয়া পর্যন্ত নতুন সমান্তরাল মহাসড়ক জাতীয় সড়ক ৩২৭ নির্মাণ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
এর পাশাপাশি বাগডোগরা বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন এবং আলিপুরদুয়ারের হাসিমারা বিমানঘাঁটি থেকে বাণিজ্যিক ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে ভারতের। বর্তমানে হাসিমারা বিমানঘাঁটিতে ভারতের রাফাল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন রয়েছে।
