তৃণমূল ছেড়ে আসা কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গের রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী কোয়েল মল্লিককে প্রার্থী করেছে বিজেপি। দলটির কেন্দ্রীয় নেতৃত্ব রবিবার (৪ অক্টোবর) এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। আগামী ১৬ অক্টোবর দুর্গাষষ্ঠীর দিনে কোয়েলের ছেড়ে দেওয়া এই আসনে ভোটগ্রহণ হবে।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে গত রাজ্যসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন কোয়েল মল্লিক। গত ৬ এপ্রিল তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও কোনো অধিবেশনে যোগ দেননি। পরবর্তীতে ১৬ জুলাই তিনি উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের পর তিনি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গেও দেখা করেছিলেন। তখন থেকেই তাঁর দলবদলের জল্পনা চলছিলো।
কোয়েল মল্লিকের আগে তৃণমূলের আরও ৩ সংসদ সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। পরবর্তীতে গত ৯ জুলাই তাঁরা বিজেপিতে যোগ দেন এবং বিজেপি তাঁদের পুনরায় রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করে। কোয়েলের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিলো পদ্মশিবির।
এর আগে গত ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রার্থী হিসেবে অভিনেত্রী কোয়েল মল্লিক, রাজ্য পুলিশের সাবেক ডিজি রাজীব কুমার, সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীর নাম ঘোষণা করেছিলো। সংসদ সদস্য পদ ছাড়ার পর তৃণমূলের ‘বিদ্রোহী’ সংসদ সদস্যরা ভারতের ক্ষমতাসীন জোট এনডিএ'র শরিক দল ‘ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া’ বা এনসিপিআই-তে যোগ দিয়েছেন।
//আইই//
