ইরানকে সহায়তা করলে ভারতকেও নিষেধাজ্ঞার হুমকি রুবিও'র
সংগৃহীত ছবি
ইরানকে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থ উপার্জনে সহায়তা করলে ভারতসহ যেকোনো দেশই নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে ভারত ও ইরানের মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তির গুঞ্জনও নাকচ করেছেন তিনি।
কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত ২৬তম সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে বৈঠক হয়। এর পরই ভারত ও ইরানের মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়।
‘দ্য ব্রায়ান কিলমিড শো’-তে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ভারত ও ইরানের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি হচ্ছে বলে তিনি মনে করেন না। তবে প্রতিটি দেশ নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং ইরানের সঙ্গে যোগাযোগ রাখে বলেও স্বীকার করেন তিনি।
রুবিও বলেন, কোনো দেশ নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে সহায়তা করলে তাদের বিরুদ্ধেও মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তাঁর অভিযোগ, তেহরান এই অর্থ সন্ত্রাসবাদে অর্থায়ন ও পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করছে।
ট্রাম্প প্রশাসন ক্ষমতায় থাকা অবস্থায় ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না বলেও জানান রুবিও। তেহরানের ওপর চাপ বাড়াতে অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহারের কথা জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকারও যুক্তরাষ্ট্র সংরক্ষণ করে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র সংঘাতের মধ্যেই রুবিও'র এই সতর্কবার্তা এলো। ট্রাম্প সম্প্রতি ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনীর রাতভর হামলার কথা জানিয়েছেন। অন্যদিকে ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি জানিয়েছেন, যুদ্ধ, কূটনীতি ও অর্থনৈতিক অবরোধ মোকাবিলায় তেহরান নতুন কৌশল নিয়েছে।
