সৌদি আরবে জরুরি সতর্কতা জারি
সংগৃহীত ছবি
সম্ভাব্য বিপদের আশঙ্কায় সৌদি আরবের জেদ্দা, মক্কা ও তায়েফে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এ সতর্কতা জানানো হয়। একই সঙ্গে সৌদি সিভিল ডিফেন্স সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। তবে কী ধরনের হুমকি বা বিপদের কারণে এই সতর্কতা জারি করা হয়েছে, তা সরকারিভাবে জানানো হয়নি।
সতর্কতার পরিপ্রেক্ষিতে সবাইকে শান্ত থাকার পাশাপাশি দ্রুত বাড়ির ভেতরে নিরাপদ কোনো কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। বিশেষ করে জানালা থেকে দূরে থাকতে এবং খোলা জায়গা, ব্যালকনি ও ছাদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বাইরে থাকা ব্যক্তিদের দ্রুত কোনো ভবনের ভেতরে চলে যেতে অথবা শক্ত কোনো আড়ালের পেছনে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গাড়ি চালকদের সেতু ও উঁচু ভবন থেকে দূরে গাড়ি থামাতে বলা হয়েছে।
এ ছাড়া জনসাধারণকে ভিড় এড়িয়ে চলার পাশাপাশি কেবল সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতেই এই সতর্কতা জারি করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
