ইরানিরা আমার নজর এড়িয়ে বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প
সংগৃহীত ছবি
ইরানের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের কর্মকাণ্ডের ওপর যুক্তরাষ্ট্র নজরদারি চালায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানিরা তাঁর নজর এড়িয়ে বাথরুমেও যেতে পারে না বলে মন্তব্য করেছেন।
স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের মার্কিন গোয়েন্দা সক্ষমতার কথা উল্লেখ করে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প জানান, ইরান কয়েকদিন ধরে নতুন একটি রকেট তৈরির কাজ করছিলো, যা দিয়ে সমুদ্রে মাইন স্থাপন করা যায়। ইরানের এই কর্মকাণ্ড সম্পর্কে যুক্তরাষ্ট্র জানতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের সব কাজ আমাদের নজরের আওতায়। ইরানিরা আমার নজর এড়িয়ে বাথরুমেও যেতে পারে না।’
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর শক্তিশালী হামলা চালিয়েছে। বর্তমানে হরমুজ প্রণালিতে তাদের ‘অত্যন্ত শক্তিশালী নিয়ন্ত্রণ’ রয়েছে। প্রতিদিন অসংখ্য জাহাজ হরমুজ দিয়ে বের করে আনা হচ্ছে, যেগুলোতে রয়েছে বিপুল পরিমাণ তেল। ইরান প্রতিবার একটি করে ড্রোন ছুড়লেও সেগুলো ভূপাতিত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
ইরান তাদের রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্গঠন এবং হরমুজে মাইন পোঁতার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তাঁর দাবি, মার্কিন হামলায় ইরানের নতুন যুদ্ধাস্ত্র ও হরমুজের কাছে তৈরি করা সরঞ্জাম ধ্বংস হয়েছে।
ট্রাম্প বলেন, ইরান এমন একটি রকেট তৈরি করছিলো, যার মাধ্যমে সমুদ্রে মাইন স্থাপন করা যায়। যুক্তরাষ্ট্র সেই রকেট তৈরির বিষয়টি শনাক্ত করার পর তা ধ্বংস করেছে।
