নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২
নেপালে ভয়াবহ বন্যার ৯ দিন পর ধ্বংসস্তূপে চাপা পড়া ত্রিশুলি জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে । শুক্রবার (৪ সেপ্টেম্বর) ওই দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদের একজন সঞ্জয় শাহ, অন্যজন কবির মহারাজন।
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং জানিয়েছেন, ৩০ বছর বয়সী সঞ্জয় শাহ নেপাল ইলেকট্রিসিটি অথরিটির (এনইএ) একজন মেকানিক্যাল ফোরম্যান। ৪৫ বছর বয়সী মহারাজন ত্রিশুলি-৩ ‘এ’ জলবিদ্যুৎ প্রকল্পের সুপারভাইজার।
নেপালে দুর্যোগে এই পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। সুড়ঙ্গের ভেতর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে উদ্ধার হওয়া কাদামাখা দুই শ্রমিকের ছবি ও ভিডিও প্রচার করা হয়েছে। উদ্ধারকারীদের কাঁধে করে তাদের ত্রিশুলি-৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে বের করে আনতে দেখা গেছে।
নেপালের আরও প্রায় ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে উদ্ধার অভিযান চলছে। এসব সুড়ঙ্গে ১৫০ জনের বেশি মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
// ইমরান //
