স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা
দেশের সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সেবার মান ও শৃঙ্খলা নিশ্চিত করতে ৫৪ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে নিয়মিত পরিদর্শনের দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তা দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করবেন। স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে গত বুধবার জারি করা অফিস আদেশে এই দায়িত্ব দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, কর্মকর্তারা হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা তদারকি করবেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরাও নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
এছাড়া স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টিকাদান, অসংক্রামক রোগ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করবেন তারা। মাতৃ ও শিশুমৃত্যু কমানো, প্রবীণদের স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমেও সহায়তা করতে বলা হয়েছে।
নির্দেশনায় প্রত্যেক কর্মকর্তাকে প্রতি মাসে অন্তত একটি জেলা, উপজেলা বা হাসপাতাল পরিদর্শনের কথা বলা হয়েছে। পরিদর্শনে পাওয়া সমস্যা, পর্যবেক্ষণ ও সুপারিশ উল্লেখ করে পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখায় প্রতিবেদন জমা দিতে হবে।
/শান্ত/
