পাকা চুল ক্যানসার প্রতিরোধের ইঙ্গিত? চমকে দিলো নতুন গবেষণা
পাকা চুলকে আমরা বয়সের স্বাভাবিক ছাপ হিসেবেই দেখি। কিন্তু সেই সাদা চুলের আড়ালেই লুকিয়ে থাকতে পারে শরীরের ক্যানসার প্রতিরোধের এক আশ্চর্য প্রক্রিয়া! নতুন এক গবেষণায় এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে।
ইঁদুরের ওপর পরিচালিত গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, চুলের ফলিকলের গভীরে থাকা মেলানোসাইট স্টেম সেল মারাত্মক ডিএনএ ক্ষতির মুখে পড়লে ‘সেনো-ডিফারেনসিয়েশন’ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত স্টেম সেলগুলো স্থায়ীভাবে রঞ্জক কোষে রূপান্তরিত হয়ে স্টেম সেলের ভান্ডার থেকে হারিয়ে যায়। ফলে চুলে রঞ্জকের জোগান কমে গিয়ে ধীরে ধীরে চুল পেকে যায়।
বিজ্ঞানীদের মতে, এই প্রক্রিয়ার মাধ্যমে শরীর জেনেটিক মিউটেশন বা ডিএনএ বিকৃতির বিস্তার বন্ধ করে, যা পরবর্তীতে ক্যানসার তৈরি করতে পারতো। অর্থাৎ চুল পেকে যাওয়া হতে পারে ঝুঁকিপূর্ণ কোষকে শরীর থেকে সরিয়ে দেওয়ার একটি সুরক্ষামূলক প্রক্রিয়ার ফল।
তবে সব ধরনের ডিএনএ ক্ষতিতে একই প্রতিক্রিয়া হয় না। তীব্র ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক ও অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্ষতিগ্রস্ত কোষগুলো বরং টিকে গিয়ে বিভাজিত হতে পারে। এতে মেলানোমার মতো ত্বকের ক্যানসারের ঝুঁকি তৈরি হয়। বিজ্ঞানীরা এই দুই পরিণতিকে বলেছেন ‘অ্যান্টাগনিস্টিক ফেটস’।
গবেষণাটি ইঁদুরের ওপর হওয়ায় মানুষের ক্ষেত্রে একই প্রক্রিয়া কাজ করে কি না, তা নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন। তবে ক্যানসার ও বার্ধক্য গবেষণায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এই আবিষ্কার।
//আরএস//
