দুর্গাপূজায় ৯ দিন বন্ধ থাকছে নাকুগাঁও স্থলবন্দর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে টানা ৯ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার (১৭ অক্টোবর) থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৬ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম আবারও পুরোদমে শুরু হবে।
মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ভারত ও বাংলাদেশের বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ী এবং আমদানি-রপ্তানিকারক সমিতির যৌথ সিদ্ধান্তে দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিন বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে ২ দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে ছুটিসংক্রান্ত চিঠি বিনিময় করা হয়েছে। আমদানি-রপ্তানিসহ বন্দরের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে। ফলে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
/এমএএইচ/
