রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে আন্দোলনের হুমকি নয়, সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংসদে সরকারের সমালোচনার পাশাপাশি কিভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়, সে বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শও দিতে হবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গ্যাস-বিদ্যুতের জন্য লংমার্চ বা নানা কর্মসূচি দেওয়া যেতে পারে। পাশাপাশি কোথা থেকে এবং কিভাবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, তার বিকল্প প্রস্তাবও দিতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমান সংকট আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি ও বিগত সরকারের ভুল পরিকল্পনার ফসল। বৈশ্বিক যুদ্ধ ও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধার কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। ফলে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সাময়িক সমস্যা হচ্ছে।
রিজভী সতর্ক করে বলেন, পরিকল্পিতভাবে অচলাবস্থা তৈরি করা সমীচীন নয়। অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও অন্ধকারের দিকে যাবে।
/রুশা/
