এইচপি-তে বোলিং কোচ হচ্ছেন সৈয়দ রাসেল
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) কোচিং প্যানেল থেকে বাদ পড়ার পরপরই নতুন দায়িত্বের পাচ্ছেন সাবেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁকে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
এইচপি চেয়ারম্যান শানিয়াম তানিম বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে এইচপি প্রোগ্রামে যোগ দিতে পারেন রাসেল।
এইচপি-তে পেস বোলিং কোচের পদ খালি হয় তালহা জুবায়ের জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দেওয়ার পর। সেই শূন্যতা পূরণে এবার রাসেলকে বেছে নেওয়া হচ্ছে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোরি কলিমোর ২ বছরেরও বেশি সময় ধরে এইচপি'র বিদেশি পেস বোলিং কোচ হিসেবে কাজ করছেন।
স্থানীয় একজন কোচ যুক্ত হলে কলিমোরের সঙ্গে সমন্বয় করে এইচপি'র কার্যক্রম আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে মনে করছেন তানিম। একই সঙ্গে দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা রাসেলের অভিজ্ঞতাও কাজে লাগাতে চায় বিসিবি।
তানিম বলেন, ‘তালহা ভাই জাতীয় দলে চলে যাওয়ায় একটা শূন্যতা তৈরি হয়েছে। কলিমোরের সঙ্গে একজন দেশি কোচ থাকলে ভালো। সৈয়দ রাসেল ক্রিকেটে লম্বা সময় ধরে কাজ করছেন। আমরা তাঁর অভিজ্ঞতা কাজে লাগাব।’
এনসিএল-এর কোচিং প্যানেল থেকে বাদ পড়ার পর রাসেল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে কোচিংয়ের সুযোগ হারানোর পর এবার বিসিবি'র এইচপি ইউনিটেই কোচ হিসেবে কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে তাঁর সামনে।
বিসিবি'র পক্ষ থেকে যোগাযোগের বিষয়টি রাসেল নিজেও নিশ্চিত করেছেন। তিনি জানান, এইচপি ইউনিটে কাজ করতে পারবেন কি না, সে বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছে বোর্ড।
রাসেল বলেন, ‘আমার কাছে জানতে চেয়েছিলো এইচপি-তে কাজ করতে পারবো কিনা। আমি বলেছি পারবো।’
