এক দলে খেলতে পারেন মেসি-রোনালদো
সংগৃহীত ছবি
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই দলের জার্সিতে দেখার স্বপ্ন ফুটবলপ্রেমীদের অনেক দিনের। সেই স্বপ্নই হয়তো বাস্তবে রূপ নিতে পারে সাবেক আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, আগামী ডিসেম্বরে বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে তেভেজের জন্য বড় পরিসরে বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে। বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমে এরই মধ্যে আয়োজনের জন্য স্টেডিয়ামটি ব্যবহারের অনুমতি দিয়েছেন।
তবে ম্যাচের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আর্জেন্টাইন লিগের মৌসুম শেষ হওয়া এবং বোকা জুনিয়র্সের সূচির সঙ্গে মিলিয়ে ১২-১৩ ডিসেম্বর অথবা ১৯-২০ ডিসেম্বরের যেকোনো একটি সময় বিবেচনা করা হচ্ছে।
তেভেজের দীর্ঘ ক্যারিয়ারের সঙ্গে জড়িত প্রায় ৬০ জন খেলোয়াড় ও বিশিষ্ট ব্যক্তিকে এই আয়োজনে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য ফরম্যাটে এক দলে থাকবেন তেভেজের শৈশব ও পাড়ার বন্ধুদের নিয়ে গড়া দল, অন্য দলে খেলবেন ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তাঁর সতীর্থরা।
এই তালিকাতেই রয়েছে সবচেয়ে বড় আকর্ষণ। তেভেজের পছন্দের আমন্ত্রিতদের মধ্যে আছেন মেসি। পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেডে তেভেজের সাবেক সতীর্থ রোনালদোকেও আমন্ত্রণ জানানো হতে পারে। দু'জনই যদি আমন্ত্রণ গ্রহণ করেন, তাহলে একই দলের হয়ে মেসি-রোনালদোকে মাঠে নামতে দেখা যেতে পারে।
তেভেজ বোকা জুনিয়র্স, ওয়েস্ট হ্যাম, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে খেলেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও ছিলেন গুরুত্বপূর্ণ একজন। ক্যারিয়ারে ২৭৯ ম্যাচে ৯৪ গোল করার পাশাপাশি জিতেছেন ১১টি বড় শিরোপা। ২০২২ সালের জুনে পেশাদার ফুটবল বিদায় জানান তিনি।
অবসরের পর কোচিংয়ে আসেন তেভেজ। রোসারিও সেন্ট্রাল, ইন্ডিপেনদিয়েন্তে ও তায়েরেস কর্দোবার দায়িত্বও পালন করেছেন তিনি।
