রাজকীয় সাক্ষাৎ ঘিরে পিসিবি'র কাণ্ড: ক্রিকেটারদের বাধ্য করার অভিযোগ
সংগৃহীত ছবি
ইংল্যান্ড সফরে মাঠের ব্যর্থতার পর এবার মাঠের বাইরের একটি ঘটনা নিয়ে বিতর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজের প্রথম দুই টেস্টে হারের পর মাঝপথে স্কোয়াড থেকে ৭ ক্রিকেটারকে বাদ দিয়েছিলো বোর্ড। এরপর রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতের অনুষ্ঠানে বাদ পড়া ক্রিকেটারদের উপস্থিত থাকতে বাধ্য করার অভিযোগ উঠেছে পিসিবি'র বিরুদ্ধে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, লন্ডনের ক্ল্যারেন্স হাউজে রাজা চার্লসের সঙ্গে পাকিস্তান দলের ওই সাক্ষাৎ অনুষ্ঠানে খেলোয়াড়দের উপস্থিতি কম হয়ে যাওয়ার আশঙ্কা ছিলো পিসিবির। কারণ, বাদ পড়া ৭ ক্রিকেটারের কয়েকজন এরই মধ্যে পাকিস্তানে ফিরে গিয়েছিলেন। আবার তাঁদের জায়গায় দলে নেওয়া নতুন ক্রিকেটারদের সবাই তখনও ইংল্যান্ডে পৌঁছাননি।
এ কারণে অনুষ্ঠানে পাকিস্তান দলের খেলোয়াড়ের সংখ্যা কম দেখানো এড়াতে বাদ পড়া ক্রিকেটারদেরও সেখানে উপস্থিত থাকার জন্য চাপ দেওয়া হয় বলে ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে।
দলের মাঝপথে বাদ দেওয়ার প্রতিবাদে ওই ক্রিকেটারদের একজন রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে যেতে সরাসরি অস্বীকৃতি জানান। তাঁর নাম অবশ্য প্রকাশ করেনি ব্রিটিশ সংবাদমাধ্যমটি।
শেষ পর্যন্ত বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে আলী উসমান, আমের জামাল, খুররম শেহজাদ ও আওয়াইস জাফর ক্ল্যারেন্স হাউসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাক্ষাতে রাজা চার্লস পাকিস্তানি ক্রিকেটার ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দলের কঠিন সময়ে তাঁদের উৎসাহ দেন। এ সময় পাকিস্তান অধিনায়ক বাবর আজম তাঁকে স্বাক্ষর করা একটি ব্যাট উপহার দেন। পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও রাজাকে বিশেষ উপহার দেন।
ইংল্যান্ড সফরে যাওয়া ক্রিকেট দলগুলোর রাজপরিবারের সদস্য কিংবা দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা প্রচলিত একটি ঐতিহ্য।
