সিঙ্গাপুরের ‘সাইলেন্ট হিরোস’ পুরস্কার পেলেন বাংলাদেশের সাকিব
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস ২০২৬’ অ্যাওয়ার্ডে ‘কম্প্যাশনেট ফরেনার’ বিভাগে বিজয়ী হয়েছেন চট্টগ্রামের বড়হাতিয়ার প্রবাসী বাংলাদেশি সাকিব হোসেন। একই বিভাগে চূড়ান্ত পর্বে মনোনীত হয়েছেন কুমিল্লার দাউদকান্দির গোপালপুরের প্রবাসী বাংলাদেশি রায়হান সরকার।
১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের হোটেল শাংরি-লায় আয়োজিত ১৩তম ‘সিঙ্গাপুর সাইলেন্ট হিরোস’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাকিবের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুরের আইনমন্ত্রী এডউইন টং।
সিঙ্গাপুরে কর্মজীবনের পাশাপাশি অভিবাসী কর্মীদের জন্য স্বাস্থ্য ও মাদকবিরোধী সচেতনতা, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করছেন সাকিব। স্বেচ্ছায় রক্তদান, সমুদ্রসৈকত পরিষ্কারসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত তিনি।
অন্যদিকে, রায়হান সরকার ২০২৩ সালে প্রবাসীদের নিয়ে ‘উই কেয়ার এসজি’ নামে একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন। সংগঠনটির মাধ্যমে রক্তদান, বয়স্ক ও অসহায় মানুষের সহায়তা, সমুদ্রসৈকত পরিষ্কার এবং প্রবাসীদের ক্যারিয়ার উন্নয়ন নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন তিনি। স্বাস্থ্যসচেতনতা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রচারেও যুক্ত রয়েছেন রায়হান।
এই বছর পাঁচটি বিভাগে মোট ২০ জনকে চূড়ান্ত পর্বে মনোনয়ন দেওয়া হয়। ‘কম্প্যাশনেট ফরেনার’ বিভাগে সাকিব ও রায়হানের সঙ্গে ফিলিপাইন ও ভারতের দুজন অভিবাসীও মনোনীত হন।
/শান্ত/
