স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ
বিদ্যুৎ-সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল বসানো বাধ্যতামূলক করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রধান দাপ্তরিক ভবনের পাশাপাশি মিলনায়তন, ডাকবাংলো, অতিথিশালা ও হাটবাজারের স্থায়ী শেডেও বসানো হবে সৌর প্যানেল।
১৪ ও ১৫ সেপ্টেম্বর পাঠানো পৃথক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অন্তত দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখার কথাও বলা হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ প্রথমে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব চাহিদা মেটাতে ব্যবহার করা হবে। বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে আয় করার সুযোগও থাকবে।
আগামী বছরের জানুয়ারির মধ্যে এসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপন করার নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মীর শাহে আলম বলেন, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো মানুষের দৈনন্দিন সেবার সঙ্গে সরাসরি যুক্ত। আমরা চাই, বিদ্যুতের সমস্যায় এসব সেবা যেন ব্যাহত না হয়। ভবনের ছাদ কাজে লাগিয়ে নিজেদের বিদ্যুৎ উৎপাদন করলে খরচ কমবে। ব্যাটারি ব্যাকআপ জরুরি কাজ চালু রাখতে সহায়তা করবে। আবার বাড়তি বিদ্যুৎ গ্রিডে দিয়ে প্রতিষ্ঠানগুলো আয় করতে পারবে। শহর থেকে ইউনিয়ন পর্যন্ত এই উদ্যোগ বাস্তবায়ন করে আমরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও সক্ষম করতে চাই।’
এদিকে, সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘সৌরবিদ্যুৎ স্থাপনের আগে ছাদের কারিগরি উপযোগিতা যাচাইসহ নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ দক্ষতার প্যানেলের ব্যবহার নিশ্চিত করতে হবে। নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট বাজেট ও লোকবল রাখতে হবে।’
//রুশা//
