এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
এসএসএফের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরীন মুজিবের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি পৃথক মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই মামলায় তাদের নামে মোট ১০ কোটি ২৩ লাখ ১৫ হাজার ৪৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদক জানায়, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার সময় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং নিজের ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মজিবুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান করা হয়।
অনুসন্ধানে মজিবুর রহমানের দখলে থাকা ২ কোটি ৭১ লাখ ৬ হাজার ২৫২ টাকা মূল্যের সম্পদের সঙ্গে তার বৈধ বা জ্ঞাত আয়ের উৎসের অসঙ্গতি পাওয়ার কথা জানিয়েছে দুদক। এ ঘটনায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, তাসরীন মুজিবের নামে ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। এ মামলায় তাসরীনকে প্রধান আসামি এবং মজিবুর রহমানকে সহযোগী আসামি করা হয়েছে।
//রুশা//
