লংমার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে: শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চ দেশকে দুর্নীতিমুক্ত করা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। দলীয় কোনো দাবি নয়, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে গাজীপুরে লংমার্চের পথসভায় তিনি এই কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়।
শফিকুর রহমান আরও বলেন, বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে। এই সময় আন্দোলন সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে। পথে তেজগাঁও, মহাখালী, বনানী, খিলক্ষেত, উত্তরা ও টঙ্গী হয়ে বহরটি গাজীপুরের ভোগড়া বাইপাস সড়কের পথসভায় যোগ দেয়।
// ইমরান//
