রাজধানীতে নিরাপত্তা জোরদার, ২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর অন্তত ৮টি এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার পর এই সতর্ক অবস্থান নেওয়া হয়।
ডিএমপি সূত্র জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২ শতাধিক চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ। একই সঙ্গে ঢাকায় প্রবেশের ৪টি গুরুত্বপূর্ণ পথেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। এসব পথে রাজধানীতে প্রবেশ ও বের হওয়া যানবাহন পর্যবেক্ষণের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করছে। বাড়ানো হয়েছে পুলিশের টহলও।
// ইমরান//
