ইইউ'র ৬১ বাণিজ্য বাধার ৪৮টিই সমাধান হয়েছে: বাণিজ্যমন্ত্রী
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে চিহ্নিত ৬১টি নন-ট্যারিফ বাধার মধ্যে ৪৮টি পুরোপুরি সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাকি বাধাগুলোও সমাধানের প্রক্রিয়ায় রয়েছে বলে জানান তিনি।
রবিবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইইউ'র রাষ্ট্রদূতসহ ২৭টি সদস্য দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, মার্চের শুরুতে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরে। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে আলোচনা করে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়।
তিনি জানান, ইইউ'র চিহ্নিত ৬১টি বাধার প্রায় অর্ধেকই এনবিআর-সংশ্লিষ্ট। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও নৌপরিবহনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গেও কিছু বাধা যুক্ত ছিলো। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠকের মাধ্যমে এসব বিষয়ে সমাধান আনা হয়েছে।
/শান্ত/
