রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত রবিবার পর্যন্ত দেশে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে। এই রিজার্ভ দিয়ে প্রায় ৪ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিকভাবে সাধারণত ৩ মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভকে গ্রহণযোগ্য ধরা হয়।
গত ৬ মাসে দেশের রিজার্ভ বেড়েছে প্রায় ৩ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী প্রকৃত রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের কিছু বেশি। গত সপ্তাহের শুরুতে রিজার্ভ সাড়ে ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালেও নিয়মিত ১ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধের পর তা কমে বর্তমান অবস্থানে নেমেছে।
রেমিট্যান্সের শক্তিশালী প্রবাহ রিজার্ভ বাড়াতে বড় ভূমিকা রেখেছে। গত ডিসেম্বর থেকে মে পর্যন্ত টানা ৬ মাস প্রতি মাসে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। পাশাপাশি রপ্তানি আয়েও প্রবৃদ্ধি হয়েছে।
