সালমানের স্মৃতি একটুও মলিন হয়নি: মৌসুমী
সালমান শাহ’র ৩০তম মৃত্যুবার্ষিকী আজ, ৬ সেপ্টেম্বর। ১৯৯৬ সালের এই দিনে মাত্র ৪ বছরের অভিনয়জীবনের ইতি টেনে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা। তিন দশক পরও তাঁর অভিনয়, ব্যক্তিত্ব ও সৃষ্টিশীলতার স্মৃতি দর্শকের হৃদয়ে অমলিন।
মৃত্যুবার্ষিকীতে প্রিয় সহকর্মী ও বন্ধুকে স্মরণ করে আবেগঘন কথা বলেছেন অভিনেত্রী মৌসুমী। তিনি বলেন, ৩ দশক পেরিয়ে গেলেও সেই দিনের কথা মনে পড়লে বুক ভার হয়। ৩০ বছর আগে আজকের দিনেই এমন একটি সংবাদ শুনতে হয়েছিলো, যা বিশ্বাস করা কঠিন ছিলো- সালমান আর নেই।
মৌসুমী বলেন, সময় অনেক দূর এগিয়ে গেলেও সালমানের স্মৃতি একটুও মলিন হয়নি। তাঁকে ভুলে থাকা আসলে সম্ভব নয়। ১৯৯৩ থেকে ১৯৯৬- মাত্র ৪ বছরের অভিনয়জীবনে সালমান বাংলা চলচ্চিত্রে যে প্রভাব তৈরি করেছিলেন, তা বিস্ময়কর। অসাধারণ অভিনয় ও নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে অল্প সময়েই তিনি অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।
/শান্ত/
