সঙ্গীর প্রাক্তন সম্পর্কে কতোটা জানা উচিত?
নতুন সম্পর্কে পা রাখার পর সঙ্গীর অতীত নিয়ে কৌতূহল থাকাটাই স্বাভাবিক। কতো দিনের সম্পর্ক ছিলো, কেন ভেঙেছে, এসব প্রশ্নের পর অনেকেরই জানতে ইচ্ছা করে, প্রাক্তন দেখতে কেমন ছিলেন, কোথায় ঘুরতেন, কী উপহার দিতেন। এই কৌতূহল কি সম্পর্ককে আরও গভীর করে, না কি অজান্তেই তৈরি করে তুলনা, অস্বস্তি আর সন্দেহ?
সঙ্গীর অতীতের প্রতিটি ঘটনা জানা জরুরি নয়। আগের কোনো অভিজ্ঞতা যদি বর্তমান সম্পর্কের আচরণ, প্রত্যাশা বা সীমার ওপর প্রভাব ফেলে, সেই বিষয়ে কথা বলা প্রয়োজন। কোথায় দেখা হয়েছিলো, কী উপহার দিয়েছিলো, এই ধরনের তথ্য কৌতূহল মেটালেও অনেক সময় নতুন প্রশ্ন তৈরি করে।
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাক্তনকে খুঁজে বের করে নিজের সঙ্গে তুলনা শুরু করা সম্পর্কের জন্য অস্বস্তিকর হতে পারে। একই প্রশ্ন বারবার করার বদলে নিজের ভয় বা অনিশ্চয়তার কারণটি সঙ্গীকে সরাসরি জানানো বেশি কার্যকর।
আর সঙ্গী কোনো ব্যক্তিগত বিষয় বলতে না চাইলে সেটিও সম্মান করা দরকার। কারণ উত্তর দিতে অনীহা মানেই কিছু লুকানো নয়।
প্রাক্তন তখনই বর্তমানের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে, যখন তার সঙ্গে যোগাযোগ, আবেগ বা তুলনা বর্তমান সম্পর্ককে প্রভাবিত করে। শেষ পর্যন্ত সম্পর্কের মান নির্ধারণ করে অতীত নয় বর্তমানের বিশ্বাস, সম্মান ও স্বচ্ছতা।
//রুশা//
