দাবি পূরণ করেই ঘরে ফিরবো: জামায়াত আমির
জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তাদের দাবি এখনো পূরণ হয়নি। সেই দাবি আদায় করেই ঘরে ফিরবো। শনিবার (৫ সেপ্টেম্বর) ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সিদ্ধিরগঞ্জের পথসভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জবাসী, আপনাদের কি ২০২৪ সাল মনে পড়ে? স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় রক্ত ঢেলেছেন মনে পড়ে? আপনাদের সঙ্গে লড়াই করা শহীদ সঙ্গীদের দাবি পূরণ হয়েছে? হয়নি।
বিরোধীদলীয় নেতা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, ২০২৪-এর চার্টার বাস্তবায়ন, জনগণের কাছে জুলাইয়ের চেতনা ফিরিয়ে দেওয়া এবং মানুষের ঘরে বিদ্যুৎ ও আলো পৌঁছে দেওয়ার দাবিতেই তারা রাস্তায় নেমেছেন।
সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না।
/শান্ত/
