সিফাতকে ছেড়ে দিন, না হলে পরিণতি ভালো হবে না: জামায়াত আমির
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালি দিয়ে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার কলেজ শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, ‘অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিলো, তাতে বাংলাদেশ উলটপালোট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। ওকে ছেড়ে দিন। ভালোয় ভালোয় ছেড়ে দিন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম উলটপালোট করে দিয়েছিলো। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, সেই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।
//রুশা//
