হজের নিবন্ধন করবেন যেভাবে
সংগৃহীত ছবি
২০২৭ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। বাংলাদেশ থেকে এবার হজ পালনের সুযোগ পাবেন ৭৮ হাজার ৫০০ জন। হজে যেতে আগ্রহীদের প্রথমে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে।
সরকারি ও বেসরকারি-উভয় ব্যবস্থাপনায় আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ই-হজ সিস্টেমের মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করা যাবে।
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা hajj.gov.bd ওয়েবসাইটে ইউজার তৈরি করে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় অর্থ জমা দিতে হবে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে।
বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে তাদের প্রোফাইলে পাওয়া যাবে।
নিবন্ধনের জন্য পাসপোর্টের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীকে প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে।
/শান্ত/
