খুলনা-বরিশালে হবে বিসিবি'র নতুন টুর্নামেন্ট
দীর্ঘদিন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ক্রিকেট থেকে দূরে থাকা খুলনা ও বরিশালের দুই স্টেডিয়ামে ফের ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন করে আয়োজিত জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম ও বরিশালের জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড।
দক্ষিণাঞ্চলের একমাত্র টেস্ট ভেন্যু খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিলো ২০১৬ সালের জানুয়ারিতে। সর্বশেষ ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয় খুলনায়।
সংস্কারের অভাবে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা খুলনা স্টেডিয়ামের উন্নয়ন প্রকল্প ইতোমধ্যে বিসিবি অনুমোদন করেছে। তবে মাঠপর্যায়ে সংস্কারকাজ শুরু হয়নি। নতুন টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের মাধ্যমে মাঠটির সংস্কারও গতি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, ১৯৬০ সালে নির্মিত বরিশালের জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়াম কখনো আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পায়নি। দীর্ঘ ২১ বছর অবহেলায় থাকার পর ২০২২ সালে স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আধুনিকায়ন প্রকল্প হাতে নেওয়া হয়। সংস্কারকাজ এখন প্রায় শেষের দিকে। নতুন টুর্নামেন্টের ম্যাচ দিয়েই মাঠটি আবার ক্রিকেটে ফিরবে বলে আশা করছেন কর্মকর্তারা।
বিসিবি'র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, নতুন টুর্নামেন্টের অন্তত গ্রুপ পর্ব খুলনা ও বরিশালে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে সেমিফাইনাল ও ফাইনাল কোথায় হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। টুর্নামেন্টটি ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির শুরুতে মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে।
/শান্ত/
