কেইনের রেকর্ডের রাতে বায়ার্নের ৭ গোল
বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছেন হ্যারি কেইন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে হারানোর ম্যাচে ৩৯ মিনিটে পেনাল্টি থেকে শততম গোলটি করেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার। এরপর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে তার বুন্দেসলিগা গোলসংখ্যা দাঁড়ায় ১০১-এ।
কেইন ১০০ গোল করতে খেলেছেন মাত্র ৯৮ ম্যাচ। এতে ১৯৭৭ সালে ১২৯ ম্যাচে শততম গোল করা কোলনের দিয়েতার মুলারের রেকর্ড ভেঙেছেন তিনি-৩১ ম্যাচ কম খেলেই নতুন রেকর্ড গড়েছেন।
ইউনিয়নের বিপক্ষে বায়ার্নের জয়ে কেইনের জোড়া গোলের সঙ্গে হ্যাটট্রিক করেছেন মাইকেল ওলিস। অন্য গোল দুটি করেন জামাল মুসিয়ালা ও ইসমায়েল সাইবারি।
২০২৩ সালে টটেনহাম থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর দুর্দান্ত ছন্দে আছেন কেইন। ক্লাবটির হয়ে ১৫৪ ম্যাচে তার গোল এখন ১৫১। গত মৌসুমে ৫১ ম্যাচে করেছিলেন ৬১ গোল। বুন্দেসলিগায় আগের তিন মৌসুমেই সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।
কেইনের বায়ার্নের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ মৌসুম শেষে শেষ হওয়ার কথা। তবে ভবিষ্যৎ নিয়ে তিনি জানিয়েছেন, চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে এবং বায়ার্নে তিনি সুখেই আছেন।
/শান্ত/
